পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, উন্নয়নমূলক কাজে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো প্রকার চাপ ছাড়াই স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করবেন।
শনিবার (২৫ এপ্রিল) বিকালে ফরিদপুর নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নে খাল খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ বলেন, শুধু খাল খনন নয়, সরকারের যেকোনো উন্নয়ন প্রকল্পে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি স্বচ্ছতা বজায় রেখে প্রকল্পের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন।
খাল খনন কাজের উদ্বোধনের আগে প্রতিমন্ত্রী নগরকান্দা থানা পুলিশ আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে সামাজিক প্রতিরোধ এবং জনমত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে মাদকমুক্ত সমাজ অপরিহার্য।
একই দিনে স্থানীয় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ ‘হ্যান্ড স্প্রে মেশিন’ বিতরণ করেন প্রতিমন্ত্রী।
কৃষকদের উৎপাদন বাড়াতে সরকারের নিরলস প্রচেষ্টার কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, কর্মকর্তারা স্বাধীনভাবে কাজ করবেন, তবে কাজের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতায় কোনো ছাড় দেওয়া হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, পুলিশ সুপার নজরুল ইসলাম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। এছাড়া বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


